নাসিরনগর উপজেলা হাসপাতালের নিরাপত্তা প্রহরীর ওপর হামলা, আটক দুই

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা প্রহরীর ওপর হামলা ও হাসপাতাল চত্বরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিরাপত্তা প্রহরী ছায়েদ মোল্লাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পুলিশ উপজেলা সদরের সমীর দাস ও টিটু দাস নামের দুই জনকে আটক করেছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিত্ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৯টায় দিকে তিন জন লোক হাসপাতাল ক্যাম্পাসে এসে একজন ডাক্তারের খোঁজ করে না পেয়ে নার্স ও ডাক্তারকে গালমন্দ করতে থাকে। নিরাপত্তা প্রহরী ছায়েদ মোল্লা তাদের গালমন্দ করতে নিষেধ করলে তাকে মারধর করে। পালিয়ে যাওয়ার সময় হাসপাতাল চত্বরে পরিত্যক্ত ফোমে অগ্নিসংযোগও করে হামলাকারীরা। জরুরি বিভাগের চিকিত্সক ডা. জীবন চন্দ্র দাস বলেন, নিরাপত্তা প্রহরী ছায়েদ মোল্লার মুখের সামনের দুইটি দাঁতসহ হাতের একটি অংশ ভেঙে গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।