কুড়িগ্রাম প্রতিনিধি
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৪তম জন্মজয়ন্তীতে তার জন্মস্থান কুড়িগ্রামে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে প্রিয় কবিকে স্মরণ করেছে সর্বস্তরের জনতা। দিনটি ঘিরে কুড়িগ্রাম জেলা প্রশাসন কবির সমাধির পাশে বইমেলার আয়োজন করে। শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কুড়িগ্রাম প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা আইনজীবী সমিতি, জেলা শিল্পকলা একাডেমি, কুড়িগ্রাম সরকারি কলেজসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ লেখকের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে কবির স্মরণে এক মিনিট নীরবতা শেষে দোয়া হয়।
পরে দিনব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন। এরপর পিটিআই ইনস্টিটিউটে গিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন।