স্যার ফজলে হাসান আবেদের কুলখানি অনুষ্ঠিত

ইত্তেফাক রিপোর্ট

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

কুলখানি ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন নানা শ্রেণি-পেশার মানুষ। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পূর্ববর্তী বক্তব্যে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, স্যার ফজলে হাসান আবেদ একজীবনে যা অর্জন করেছেন তা অতুলনীয়। এক যুদ্ধবিধ্বস্ত দেশে ১৯৭২ সালে সেবা দিয়ে কাজ শুরু করেছিলেন, যা এখন বিশ্বের সবচেয়ে বড়ো বেসরকারি সেবা প্রতিষ্ঠান। তিনি বলেন, তার বিপুল কর্মযজ্ঞ পৃথিবীর বিভিন্ন দেশে এখনো চলছে। তারপরও তার মধ্যে কখনো অহংকার ছিল না। তিনি ছিলেন একজন বিনয়ী মানুষ। আবেদ চলে গেছেন, কিন্তু তার কর্মযজ্ঞ রেখে গেছেন। যা সবাই অব্যাহত রাখবেন। 

পরিবার ও ব্র্যাকের পক্ষে বক্তব্য রাখেন মরহুমের জামাতা আসিফ সালেহ। তিনি বলেন, পরিবারের সকল মানুষের জন্য তার একটা দায়িত্ববোধ ছিল। বটগাছের মতো ছিলেন তিনি আমাদের জন্য। সংগঠন আর পরিবারকে সমন্বয় করে তিনি সময় দিয়েছেন। মানুষের মতো মানুষ হওয়ার জন্য দীক্ষা দিয়ে গেছেন সবাইকে। তিনি বেঁচে থাকবেন তার কাজের মাধ্যমে। এছাড়া দোয়া মাহফিলে অংশ নেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও অধ্যাপক রেহমান সোবহান প্রমুখ।