বাংলাদেশের পাকিস্তান সফর
স্পোর্টস রিপোর্টার
আগামী বছর বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে আলোচনার অন্ত নেই। নিজেদের অবস্থানে অনড় এখন দুই দেশের বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চায় দেশের মাটিতে হোম সিরিজের সব ম্যাচ খেলতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার জানিয়েছেন, পাকিস্তানের মাটিতে টেস্ট খেলবে না বাংলাদেশ। তিন টি-২০ খেলতে বাংলাদেশ দলকে পাঠাতে পারে বিসিবি, তবে সেটিও সরকারের অনুমোদন পাওয়ার পর। আবার বাংলাদেশ দলের কোচ, ক্রিকেটারদের অনেকেই নাকি পাকিস্তান সফরে যেতে রাজি নন। সব মিলিয়ে এই সিরিজের আকাশে বিরাজ করছে অনিশ্চয়তার মেঘ।
চলমান বঙ্গবন্ধু বিপিএলের সাত দলে খেলছেন পাকিস্তানের ৯ ক্রিকেটার। যদিও দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজের আলোচনায় তাদের অংশগ্রহণ নেই। বিপিএলের শুরুতে কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার আশাবাদ ব্যক্ত করেছিলেন, পাকিস্তানে যাবে বাংলাদেশ। অবশ্য গতকাল এই বিষয়ে মুখ খুলতে রাজি হননি পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। বিপিএলে রাজশাহী রয়্যালসের হয়ে খেলছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
গতকাল বিসিবি একাডেমিতে অনুশীলন শেষে রাজশাহীর মুখপাত্র হয়ে এসেছিলেন শোয়েব মালিক। এক সাংবাদিক প্রশ্নও তুলেছিলেন বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে। প্রশ্ন শেষ হওয়ার আগেই রাজশাহীর জনৈক কর্মকর্তা থামিয়ে দিতে চেষ্টা করেন ঐ সাংবাদিককে। তারপরও প্রশ্নটা শেষ করেন ঐ সাংবাদিক।
কিন্তু মুখ খুললেন না শোয়েব মালিক। এড়িয়ে গেলেন বিষয়টি। প্রশ্নের জবাবে শুধু বলেছেন, ‘আমরা এখানে বিপিএল খেলতে এসেছি।’ অর্থাত্ বাংলাদেশের পাকিস্তান সফর ইস্যুতে কথা বলতে চান না পাকিস্তানের এই সিনিয়র ক্রিকেটার।
বিপিএলে এবার রাজশাহীর হয়ে শোয়েব মালিকসহ, ইরফান পাঠান, মোহাম্মদ নেওয়াজ খেলছেন। ঢাকা প্লাটুন দলে আছেন শহীদ আফ্রিদি, শাদাব খান, আসিফ আলী, ওয়াহাব রিয়াজ। খুলনা টাইগার্সের হয়ে মোহাম্মদ আমির ও রংপুর রেঞ্জার্স শিবিরে আছেন জুনায়েদ খান।
বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে মুখ না খুললেও গতকাল বিপিএল, বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত্ ও বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন শোয়েব মালিক। তার মতে, বিপিএল সঠিক পথেই আছে। অচিরেই বড়ো ট্রফি জিতবে বাংলাদেশ। গতকাল এই পাকিস্তানি ক্রিকেটার বলেছেন, ‘বিপিএল একটি অন্যতম ভালো লিগ। প্রতি বছরই এটা ভালো হচ্ছে যা কি না, যে কোনো ক্রিকেটার, দেশ ও সংস্থার জন্য শুভ কিছুর ইঙ্গিত বহন করে। আমি মনে করি, এখানো সবকিছুই সঠিক পথে যাচ্ছে। সেজন্য আমি আয়োজকদের অভিনন্দন জানাতে চাই। আপনি যদি দেখেন বাংলাদেশ জাতীয় দল, ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দলের অনেকেই এখানে পারফরম করছে। তার মানে হচ্ছে বিপিএল সঠিক পথে আছে। বাংলাদেশের ক্রিকেট যেভাবে এগোচ্ছে তাতে আমার মনে হয় অনতি বিলম্বেই তারা বড়ো কোনো ট্রফি জিতবে।’
বাংলাদেশের তরুণদের মধ্যে লিটন দাস, আফিফ হোসেনের প্রশংসা করেছেন শোয়েব মালিক। দুজনই রাজশাহী দলে তার সতীর্থ। বিপিএলে চোখেপড়া তরুণ ক্রিকেটারদের সম্পর্কে জানতে চাইলে টেস্ট, ওয়ানডে থেকে অবসর নেয়া শোয়েব মালিক বলেছেন, ‘সংখ্যাটি অনেক। আমি কারো নাম উচ্চারণ করতে চাই না, আবার ভুলেও যেতে চাই না। কেননা এটা ভালো কোনো বিষয় নয়। কিন্তু এটা ঠিক আমি দেখেছি অসংখ্য তরুণ ধারাবাহিকভাবে পারফরম করে যাচ্ছে এবং আমি মনে করি, এটা এ দেশের জন্য ভালো।’