সর্বশেষ ২৭ টেস্ট ইনিংসে ইমরুল কায়েসের নেই ফিফটি। বাংলাদেশর হয়ে ১৪ টি-টোয়েন্টি খেলে তার গড় ৯.১৫। এমন পারফরম্যান্স ও আউট হওয়ার ধরন, সব মিলিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে মজা হতে হতে এক পর্যায়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে। তাকে ডাকা হচ্ছে ‘ইমরুল ব্রো’ নামে, হচ্ছে অসংখ্য কৌতুক। যদিও বিপিএলের চিত্রটা ভিন্ন। শুক্রবারের প্রথম ম্যাচ শেষে রান স্কোরারদের তালিকায় ইমরুল আছেন দুইয়ে, দেশের ক্রিকেটারদের মধ্যে সবার ওপরে। ৪৮.১৬ গড়ে করেছেন ২৮৯ রান। মাহমুদউল্লাহর চোটে দলকে দারুণভাবে নেতৃত্বও দিচ্ছেন ইমরুল। তার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এখন পয়েন্ট টেবিলে সবার ওপরে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে উঠল ট্রলের প্রসঙ্গ। তার এমন ফর্ম কী ট্রলেরই জবাব। ইমরুল বলেন, ‘ধন্যবাদ, যদি আমাকে ইমরুল ব্রো বলে মজা পায়, পাক না! কোনো অসুবিধা নেই। আমার কোনো আফসোস নেই। আমাকে ভালোবেসেই ডাকছে ইমরুল ব্রো, সমস্যা কী!’