মুরাদনগরে হাত-পা বেঁধে কিশোর নির্যাতনের অভিযোগ

কুমিল্লার মুরাদনগরে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে পা বেঁধে কিশোর নির্যাতনের অভিযোগ উঠেছে। ঐ নির্যাতনের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। নির্যাতিত কিশোরের বড়ো ভাই সজল চন্দ্র বিশ্বাস বৃহস্পতিবার বিকালে এ ঘটনায় মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ঐ রাতেই অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আবু তাহের কন্টাক্টরকে নারায়ণগঞ্জ এলাকায় তার মেয়ের শ্বশুরবাড়ি থেকে আটক করে। নির্যাতনের শিকার কিশোর রাজু উপজেলার কাজিয়াতল গ্রামের রাখাল চন্দ্রের ছেলে আর আসামি আবু তাহের কন্টাক্টর উপজেলার দারোরা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

জানা যায়, গত বুধবার বিকালে মায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে রাজু চন্দ্র ঘরের আসবাবপত্র ভাঙচুর শুরু করে। এ সময় আবু তাহের কৌতূহলবশত রাজুদের বাড়িতে গিয়ে তাকে উত্তেজিত অবস্থায় দেখতে পান। তিনি জামা কাপড় খুলে হাত-পা বেঁধে রাজুকে তার বাড়ির আঙ্গিনায় ফেলে রাখেন। এতে রাজু আরো ক্ষিপ্ত হয়ে আবু তাহেরকে গালমন্দ করেন। ফলে তিনি উত্তেজিত হয়ে রাজুকে তার মায়ের সামনে নির্যাতন করেন। তখন উপস্থিত কেউ গোপনে নির্যাতনের দৃশ্য মোবাইলে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিলে ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, রাজুকে হাত-পা বেঁধে মুখে ও বুকে উপর্যুপরি লাথি মেরে ছুড়ে ফেল দিচ্ছেন আবু তাহের। এ সময় রাজু চিত্কার করে কান্নাকাটি করলেও নিস্তার মেলেনি।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুর আলম জানান, নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার বিকালে মামলা হলে ঐ দিন রাতেই পুলিশ পরিদর্শক তদন্ত নাহিদ আহাম্মেদের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোরশেদসহ একদল পুলিশ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে। শুক্রবার দুপুরে তাকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়।