পঞ্চগড়ে অগ্নিদগ্ধ অবসরপ্রাপ্ত শিক্ষক নাজমুল হক (৭০) গতকাল শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের মালিপাড়া (আমকাঁঠাল) গ্রামে। তিনি পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২০ ডিসেম্বর নামাজ পড়ার পর শীত নিবারণের জন্য বাড়িতে তিনি আগুন জ্বালিয়ে ওম নিচ্ছিলেন। এক পর্যায়ে তার পরনের লুঙ্গিতে আগুন ধরে যায়। আগুনে শরীরের নিচের অংশ পুড়ে যায়। তাত্ক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পর দিন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।