গাইবান্ধা-৩ আসনের এমপি ইউনুস আলীর ইন্তেকাল

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সরকার দলীয় সংসদ সদস্য ডাক্তার মো. ইউনুস আলী সরকার (৬৬) ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে---রাজেউন)। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে গাইবান্ধায় শোকের ছায়া নেমে এসেছে। সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবীনেওয়াজ এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, তিনি দীর্ঘ দিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।

সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার জিল্লুর রহমান জানান, চিকিত্সা পেশা থেকে রাজনীতিতে আসা ইউনুস আলী সরকার ২০১৪ সালে গাইবান্ধা-৩ আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন। ২০১৮ সালে তিনি আবার নির্বাচিত হন। ইউনুস আলী সরকার ১৯৫৩ সালের ১৫ জুন সাদুল্লাপুরের ভাতগ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনেই তিনি ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং রংপুর মেডিক্যাল কলেজে পড়ার সময় ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। এছাড়া তিনি ‘বিএমএ’-এর যুগ্ম মহাসচিবও নির্বাচিত হয়েছিলেন। সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব জানান, ইউনুস আলী সরকার ১৬ বছর থেকে সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রধানমন্ত্রীর শোক

বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধা থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

 ইউনুস আলী সরকারের মৃত্যুতে  আরও শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সৈয়দ শামস্-উল আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।