ওয়াটসনের অভিষেকেও হারল রংপুর

বঙ্গবন্ধু বিপিএলের তৃতীয় পর্বের প্রথম দিনে মিরপুর স্টেডিয়ামের গ্যালারিতে ফিরেছে দর্শকের জোয়ার। গতকাল ছুটির দিনে স্টেডিয়ামে আসা দর্শকরা প্রকৃত ক্রিকেটীয় বিনোদনই পেয়েছেন। দিনের প্রথম ম্যাচটি ছিল লো স্কোরিং। ইমরুল কায়েসের ব্যাটে ঢাকা প্লাটুনকে ৬ উইকেটে হারিয়ে প্লে-অফ অনেকটাই নিশ্চিত করে ফেলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দ্বিতীয় ম্যাচে ছিল রানের ছন্দ।

যেখানে মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে ১৮২ রান তুলেছিল খুলনা টাইগার্স। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে ম্যাচটা হেরে গেছে রংপুর রেঞ্জার্স। বিপিএল অভিষেকে হারের তিক্ততা সঙ্গী হয়েছে শেন ওয়াটসনের। রংপুর রেঞ্জার্সের নেতৃত্ব দিলেও এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ব্যাট হাতে করেছেন ৫ রান। ওয়াটসনের নিষ্প্রভতার দিনে গতকাল রংপুরকে ৫২ রানে পরাজিত করেছে খুলনা। ছয় ম্যাচে খুলনার এটি চতুর্থ জয়। সমান সংখ্যক ম্যাচে রংপুরের পঞ্চম হার।

রান তাড়া করতে নেমে দলীয় ৫ রানেই ওয়াটসনকে হারায় রংপুর। পরে বড়ো টার্গেটের চাপ সামাল দিতে পারেনি দলটি। ৯ উইকেটে ১৩০ রান করতে সমর্থ হয় রংপুর। নাঈম শেখ ২০, গ্রেগরি ৩৪, সাদমান ১৬, মুস্তাফিজ অপরাজিত ২১ রান করেন। খুলনার শহীদুল ৪টি উইকেট নেন। এর আগে খুলনার পক্ষে মুশফিক ৫৯, নাজিবউল্লাহ জাদরান ৪১, নাজমুল শান্ত ৩০, শামসুর রহমান ১৩, মিরাজ ১২ রান করেন। রংপুরের মুস্তাফিজ ৩টি, গ্রেগরি ২টি, নবী ১টি করে উইকেট নেন।