দুই দল প্রার্থী চূড়ান্ত করবে আজ

রাজধানীতে ভোটের হাওয়া বইতে শুরু করেছে। জমজমাট হয়ে উঠেছে আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। ঢাকার নগরপিতা হওয়ার দৌড়ে কারা এগিয়ে—রাজধানীর অলিগলিতে এখন সেই গুঞ্জন। দুই নগরপিতা নির্বাচন করবেন রাজধানীবাসী। মাঠের লড়াইয়ের আগে এখন নীরবে চলছে ঘরের লড়াই। দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ আর বিএনপি আজ শনিবার মেয়র ও কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করবে। এদিকে সিটি ভোটকে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপিতে এখন সরগরম অবস্থা। দলীয় মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে গত তিন দিন আওয়ামী লীগ ও বিএনপি অফিসের সামনে দিনভর ছিল প্রার্থী ও তাদের সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস। দুই দলের দলীয় কার্যালয় ছিল উত্সবমুখর। সম্ভাব্য প্রার্থীরা নিজেদের জনপ্রিয়তা দেখাতে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বাদ্যবাজনার সঙ্গে মিছিল-স্ল্লোগানসহ ব্যাপক শোডাউন করেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র নিয়েছেন ২০ জন। এর মধ্যে উত্তরে ১২ এবং দক্ষিণে আট জন মনোনয়ন ফরম সংগ্রহ করে তা জমাও দিয়েছেন। এছাড়া দুই সিটির ১২৯ ওয়ার্ডে ১ হাজার ২৯৩ জন কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থন পেতে আবেদনপত্র ক্রয় করেছেন। গড়ে প্রতিটি ওয়ার্ডে ১০ জন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। আজ শনিবার সন্ধ্যায় গণভবনে দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় মেয়র ও কাউন্সিলের পদে প্রার্থী চূড়ান্ত করা হবে।

এদিকে তৃতীয় ও শেষ দিনে মেয়র পদে নিজে এসে মনোনয়ন জমা দিয়ছেন বর্তমান মেয়র সাঈদ খোকন। একই দিন আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও হাজি মোহাম্মদ সেলিম। হাজি সেলিম নিজে এসে ফরম জমা দিলেও তাপস নিজে আসেননি। তাপসের পক্ষে ধানমন্ডি, মোহাম্মদপুর, হাজারীবাগ ও নিউমার্কেট থানার নেতারা উপস্থিত ছিলেন। এ সময় দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে পালটাপালটি স্লোগানও দিতে দেখা যায়।

শেষ দিনে ঢাকা উত্তরের মেয়র পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চাই। আশা করি এবারও আমি মনোনয়ন পাব।’

দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী চূড়ান্ত

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নের ক্ষেত্রে আজ শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি। ঢাকার দুই সিটিতে মেয়র পদে তিন জন দলের মনোনয়ন প্রত্যাশা করেছেন। আসাদুজ্জামান রিপন, তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। দক্ষিণে যেহেতু ইশরাক হোসেন একমাত্র প্রত্যাশী, সেখানে বিএনপির আর কোনো প্রার্থী না থাকায় তার (ইশরাক হোসেন) আনুষ্ঠানিকতা এখন বাকি। গতকাল শুক্রবার ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নপত্র জমা দেন বিএনপির তিন নেতা। এছাড়া কাউন্সিলর পদে প্রতি ওয়ার্ডে বিএনপির সমর্থনপ্রত্যাশী ছয় জন।  

এদিকে দুই সিটির ভোটগ্রহণ ইভিএমে নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এর পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণের (ডিএসসিসি) বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইশরাক হোসেন ইভিএম পদ্ধতিতে কারচুপি ঠেকাতে ভোটকেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষে দলীয় এজেন্ট নিয়োগের জন্য নতুন আইন করার দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, ঢাকার দুই সিটির তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩১ ডিসেম্বর, বাছাই ২ জানুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি, ভোটগ্রহণের দিন ৩০ জানুয়ারি।

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সৌজন্য সাক্ষাত্ করবেন মনোনয়ন প্রত্যাশীরা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা সৌজন্য সাক্ষাত্ করবেন। আজ শনিবার দুপুর ৩টা থেকে এ সাক্ষাত্ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গণভবনের সবুজ চত্বরের লনে মেয়র ও কাউন্সিলর পদ প্রত্যাশীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

ছাত্রলীগের পুনর্মিলনীতে থাকবেন প্রধানমন্ত্রী

এদিকে দীর্ঘদিন পর ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৪ জানুয়ারি রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।