বর্ণাঢ্য আয়োজনে শুক্রবার ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে গতকাল দুপুরে দুই দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের কারণে আগামী দিনের শ্রম বাজার দখল করবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও রোবট। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার দক্ষ মানবসম্পদের ওপর গুরুত্ব দিচ্ছে। পরিবর্তিত বিশ্বে আমাদের নতুন নতুন পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
অ্যালামনাই পুনর্মিলনীর আহ্বায়ক ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, অ্যালামনাই ঢাকা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দীন, ডা. এস এ এ বারী, নাটোর-৪ আসনের এমপি আব্দুল কুদ্দুস, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, সংরক্ষিত এমপি আদিবা আনজুম মিতা বক্তব্য দেন। স্বাগত বক্তব্য রাখেন অ্যালামনাই পুনর্মিলনীর সদস্য সচিব অধ্যাপক ড. সেলিম রেজা। এর আগে সকালে কলেজের রবীন্দ্র-নজরুল চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।