বিএনপির মেয়র প্রার্থীদের সমর্থন ২০ দলের

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি থেকে মনোনীত প্রার্থীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ২০ দলীয় জোট। গতকাল শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক শেষে ব্রিফিং করে একথা জানান জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান বলেন, ৩০ ডিসেম্বর জোর-জবরদস্তি করে সরকারি দলের প্রার্থীদের বিজয়ী করা হয়। ফলে বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার বলে জনগণ মনে করে না। এই দিবসটির বর্ষপূর্তি উপলক্ষ্যে ঐদিন ২০ দল ঢাকায় আলোচনা সভা করবে। তিনি আরো বলেন, সভায় সম্প্রতি ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, ২০ দলীয় জোট ২০২০ সালের ২৬ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে। এ উপলক্ষ্যে একটি উপকমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, নাগরিক সংশোধনী আইন ভারতের সংসদে প্রণয়নের সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বাংলাদেশ, বিএনপি এবং খালেদা জিয়া সম্পর্কে সাম্প্রদায়িক ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন ২০ দলীয় জোট তার নিন্দা জানিয়েছে। বৈঠকে জামায়াত নেতারা না আসার বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘তারা ঢাকার বাইরে আছেন।’

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন এলডিপির একাংশের মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, অপর অংশের সদস্য সচিব শাহাদাত হোসেন সেলিম, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট এহসানুল হুদা, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের (একাংশ) মাওলানা আব্দুর রকিব, জাগপার একাংশের সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফর রহমান, ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম প্রমুখ।