ফুলবাড়ী পৌর শহরে যানজট!

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা

ফুলবাড়ী পৌরসভা যেমন কাগজকলমে প্রথম শ্রেণির হলেও যানজটের কারণে ভোগান্তিতে রয়েছেন পৌরবাসী।

সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের ননীগোপাল মোড় থেকে ড্রাগন ক্লাব পর্যন্ত ভোর থেকে রাত ১১টা পর্যন্ত বিভিন্ন পণ্যবাহী ছোটো বড়ো অন্তত সাত থেকে ১২টি যানবাহন সড়কের ওপর অবস্থানসহ পণ্য ওঠানামা করে। অধিকাংশ সড়ক জুড়ে যানবাহনগুলো দাঁড় করে পণ্য ওঠানামা করার কারণে পথচারীদের পায়ে হেঁটে ঐ সড়ক দিয়ে চলাচল করা দায় হয়ে পড়ছে। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে স্কুলগামী শিশু শিক্ষার্থী, নারীরা।

ননীগোপাল মোড় এলাকার ফুল ব্যবসায়ী মো. সোয়েব হোসেন, ফুলবাড়ী চশমা ঘরের মো. জহিরুল ইসলাম ও কসমেটিক্স ব্যবসায়ী মো. রাসেল মাহমুদ বলেন, বছর জুড়ে ননীগোপাল মোড় থেকে বাংলা স্কুল পর্যন্ত সড়কের ওপর পণ্যবাহী যানবাহন রেখে পণ্য ওঠানামা করার কারণে দুর্ভোগ লেগেই থাকে। পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যান সড়কে দাঁড় করে পণ্য ওঠানামা করা নিয়ে স্থানীয়দের সঙ্গে প্রায়ই বচসা হচ্ছে ঐসব ব্যবসায়ী, যানবাহন চালক ও হেলপারদের।    

পৌর মেয়র মো. মুরতুজা সরকার মানিক বলেন, পৌর শহরের ব্যস্ততম সড়ক ননীগোপাল মোড় থেকে বাংলা স্কুল মোড় পর্যন্ত সড়কে পণ্যবাহী ট্রাক, ট্রলি ও নছিমন-করিমন চলাচলসহ সড়কে চলাচল ও পণ্য ওঠানামা বন্ধ করা হয়েছে। এরপরও কেউ করলে বিষয়টি দেখা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুস সালাম চৌধুরী বলেন, ছোটো সড়কে বড়ো বড়ো যানবাহন চলাচল ও সড়কে রেখে পণ্য ওঠানামা বন্ধের জন্য ইতিপূর্বে স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিসহ পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। এরপরও অবস্থার পরিবর্তন না ঘটলে জনগণের দুর্ভোগ দূর করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।