তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালার খলিশখালী ইউনিয়নের বয়ারডাঙ্গাসহ কয়েকটি বিলে সরকারি খাল দখল ও তার ওপর বেড়িবাঁধ নির্মাণ করে সেখানে মাছ চাষ করে আসছে প্রভাবশালীরা। এ কারণে সেখানে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কৃষকরা বীজতলা তৈরির জন্য বীজ ফেলতে পারছেন না। এর ফলে ঐ বিলে ইরি-বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে খাল থেকে অবৈধ দখলকারীদের নেটপাটা অপসারণ ও বাঁধ উচ্ছেদের দাবিতে স্থানীয় গ্রামবাসীর পক্ষে আব্দুল মজিদ গোলদার বাদী হয়ে জেলা প্রশাসকের এস এম মোস্তফা কামালের কাছে লিখিত অভিযোগ করেছেন। আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।
স্থানীয় কৃষক আব্দুল মজিদ গোলদার, শহিদুল গাজী, কাদের সরদার, আব্দুল মজিদ গাজী, জব্বার গাজী, পরিমল মন্ডল, অমল মন্ডলসহ অনেকেই জানান, জেলা ও উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নির্দেশের পরেও খলিশখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তা অরুন কুমার পাল দখলদারীদের পক্ষ নিয়েছে। ফলে আসন্ন ইরি-বোরো মৌসুমে বীজতলা তৈরি করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার কৃষকরা। তারা আরো বলেন, এ মুহূর্তে পানি নিষ্কাশন করতে না পারলে বয়ারডাঙ্গা বিলে ২ হাজার ৩০০ বিঘার মতো জমিতে চলতি ইরি-বোরো মৌসুমে আবাদ করতে পারবে না কৃষকরা। এতে তারা ক্ষতিগ্রস্ত হবে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন জানান, জেলা প্রশাসক নির্দেশের প্রেক্ষিতে তিনি তালা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলামকে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন। তালা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম বলেন, এ ব্যাপারে বিবাদীদের নোটিশ দিয়েছেন। বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।