বঙ্গবন্ধুর বাড়ি যাওয়ার নৌপথ রক্ষার উদ্যোগ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি যাওয়ার নৌপথ রক্ষার উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এ লক্ষ্যে শনিবার পানিসম্পদ প্রতিমন্ত্রী মেজর (অব.)  জাহিদ ফারুক শামীম টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জ পাচুড়িয়া পর্যন্ত এ নৌপথ পরিদর্শন করেছেন। গোপালগঞ্জের পাচুড়িয়া থেকে নৌকায় করে বর্ণির বাঁওড় হয়ে বঙ্গবন্ধু টুঙ্গিপাড়া গ্রামের বাড়িতে যাতায়াত করতেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রীর নৌপথ পরিদর্শনের সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, প্রধান প্রকৌশলী এ কে এম ওয়াহেদউদ্দিন চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হেকিম, গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিত্ বৈদ্য প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। তারা পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মীর্জা প্রমুখ উপস্থিত ছিলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে তার স্মৃতি বিজড়িত নৌরুটটি রক্ষার উদ্যোগ গ্রহণ করেছি। আগামী ৮ জানুয়ারি এর খনন কাজ শুরু করা হবে। পরে সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে।

গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিত্ বৈদ্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি অমর করে রাখতেই পানি উন্নয়ন বোর্ড এ নৌরুটটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে।