ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন ইভিএম পদ্ধতিতে হবে। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। গতকাল শনিবার দুপুরে বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সিইসি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকার দুই সিটি নির্বাচন প্রতিযোগিতামূলক হবে বলেও আশা ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারের উক্তির উল্লেখ করে সাংবাদিকেরা ইভিএম প্রযুক্তি কতটা সঠিক জানতে চাইলে সিইসি বলেন, বদিউল আলম ইভিএম প্রযুক্তি সম্পর্কে উক্তি করার মতো উপযুক্ত ব্যক্তি নন। যদি নির্বাচন কর্মকর্তারা এ বিষয়ে অভিযোগ করেন, তাহলে তা খতিয়ে দেখা হবে।
ভোটকেন্দে ভোটার উপস্থিতি না থাকার বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় কেন্দে ভোটার উপস্থিতি কম থাকে। নির্বাচন কমিশনের দায়িত্ব শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন, আমরা সেই পরিবেশ সৃষ্টি করি।’
ব্যক্তিগত সফরে ২৬ ডিসেম্বর পটুয়াখালীর বাউফলে যান সিইসি। গতকাল শনিবার ঢাকায় ফেরার পথে বরিশালে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় মাঠপর্যায়ের কর্মকর্তাদের নানা দিকনির্দেশনা দেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন।