চতুর্থ শিল্প বিপ্লবের জন্য শিক্ষার কারিকুলামে পরিবর্তন এনেছি ---------শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষতা সম্পন্ন জনশক্তি প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা শিক্ষার কারিকুলামে পরিবর্তন এনেছি এবং শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। শনিবার দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট স্কুল ও কলেজের ১২০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এখন আর আমরা স্বল্পোন্নত দেশ নই, আমরা এখন উন্নয়নশীল দেশ। বঙ্গবন্ধু কন্যা আমাদের স্বপ্ন দেখিয়েছেন যে, ২০৪১ সালে আমরা উন্নত ও সমৃদ্ধশীল বাংলাদেশ হবো, সেটি আমরা নিশ্চয়ই হতে পারব। আজকে সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়ন বিস্ময়ের সঙ্গে দেখছে এবং প্রধানমন্ত্রীকে বলছে আপনার এই উন্নয়নের ম্যাজিক কি? আমি বিশ্বাস করি উন্নয়নের ম্যাজিক তার দেশপ্রেম। দেশের মানুষের প্রতি তার অকুণ্ঠ ভালোবাসা এবং তার পিতার মতো তিনিও দেশ ও দেশের মানুষের জন্য নিজেকে উত্সর্গ করে দিয়েছেন উন্নয়নের জন্য।