বরিশাল ভার্সিটিতে ভর্তি পরীক্ষায় ৫০ ভাগ পরীক্ষার্থী অনুপস্থিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সমাপ্ত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ নগরীর ১২টি কেন্দ্রে ‘ক’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি বছরের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে শিক্ষার্থীদের অংশগ্রহণের হার ৫০ দশমিক ৯৩ ভাগ। ‘ক’  ইউনিটে ৫৮০টি আসনের বিপরীতে ২০ হাজার ৫৬৭ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। শুক্রবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘খ’ ইউনিটের পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের হার ৫২ দশমিক ৫৬ ভাগ এবং ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের হার ৪৯ দশমিক ৭২ ভাগ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। সাংবাদিকদের তিনি জানান, ৩০ ডিসেম্বর ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।

’৭১-এ তৈরি টর্চার সেল পরিদর্শনে

সংস্কৃতি প্রতিমন্ত্রী

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকায় অবস্থিত পাকিস্তানি সেনাদের টর্চার সেল শুক্রবার রাতে পরিদর্শন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। এ সময় অন্যদের মধ্যে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, সিটি করপোরেশনের প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন উপস্থিত ছিলেন। এ সময় প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানটিতে বেশ কিছুক্ষণ অবস্থান করেন।

হিজড়াদের মধ্যে চেক বিতরণ

বরিশালে ‘হিজড়াদের জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান শনিবার জেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবার সহকারী পরিচালক মো.                 শহিদুল ইসলাম এবং প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ। এ সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত হিজড়াদের কয়েকজন তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান। সভা শেষে হিজড়াদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এছাড়া বরিশালের ৫০ জন হিজড়াকে সনদ এবং জনপ্রতি ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

সরকারি খাসজমি প্রকৃত ভূমিহীনদের

মধ্যে চিরস্থায়ী বণ্টনের দাবি

বরিশাল নগরীর রসুলপুরের সব সরকারি খাসজমি হতদরিদ্র অসহায় প্রকৃত ভূমিহীনদের মধ্যে চিরস্থায়ী বণ্টন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় কৃষক ফেডারেশন ও কৃষানি সভা বরিশাল জেলা কমিটির আয়োজনে নগরীর সদর রোডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি ও বরিশাল জেলা শাখার সভাপতি মো. হারুন ভাণ্ডারী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ, সাধারণ সম্পাদক হালিম মুহুরী, কৃষানি সভার জেলা সভাপতি রেহানা বেগম মিতু, সাধারণ সম্পাদক রেনু বেগম প্রমুখ। বক্তারা বলেন, কতিপয় অসাধু ব্যক্তি স্বনামে ও বেনামে ইন্ডাস্ট্রিজ মিল-কারখানার নামে সরকারি খাসজমি দখল করে রেখেছে।

ঐ সব জমিতে এখন পর্যন্ত কোনো মিল-কারখানা গড়ে ওঠেনি। তাই জরুরি ভিত্তিতে ভূমি দখলদারদের জিম্মায় থাকা সরকারি খাসজমি অসহায়দের মধ্যে বণ্টন করতে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জন্য বক্তারা প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান।

গাঁজাসহ দুই যুবক আটক

বরিশাল নগরীর রসুলপুর কলোনিতে অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক সমীরণ মণ্ডল এবং সহকারী উপপরিদর্শক সুমন সঙ্গী পুলিশ ফোর্সসহ এই অভিযান চালান। তারা রসুলপুর কলোনি এলাকার বাসিন্দা ফারুক হাওলাদারের ছেলে পলাশ হাওলাদার ও মো. দুলাল গাজীর ছেলে সাদ্দাম গাজীকে আটক এবং তাদের কাছ থেকে ছয় কেজি গাঁজা জব্দ করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম।