সাংবাদিকদের জন্য ফ্ল্যাট তৈরির ঘোষণা মেয়র নাছিরের

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রামের সাংবাদিকদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে শেরশাহ সাংবাদিক হাউজিং এলাকায় ফ্ল্যাট তৈরি করা হবে। আমার সঙ্গে সাংবাদিকদের আত্মার বন্ধন ছিল, এখনো আছে। এই বন্ধন আমৃত্যু থাকবে। তিনি গতকাল শনিবার চট্টগ্রাম মহানগরীর শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটি চত্বরে ফ্ল্যাট ব্লক কাম শপিং ও কমিউনিটি সেন্টার নির্মাণ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সংগঠনের পরিচালক মহসীন কাজীর সভাপতিত্বে ও সাংবাদিক কো-আপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, প্রবীণ সাংবাদিক মাঈনুদ্দিন কাদেরী শওকত, শামসুল হক হায়দরী, প্রকল্পের কনসালট্যান্ট, রাশিয়ার অনারারি কনসাল ও সিডিএর বোর্ড সদস্য স্থপতি আশিক ইমরান, মুক্তিযোদ্ধা সাংবাদিক মঞ্জরুল আলম মঞ্জু, সুখময় চক্রবর্তী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর, বিএফইউজের সাবেক সদস্য মোহাম্মদ ফারুক, হামিদ উল্লাহ প্রমুখ।