এক যুগেরও বেশি সময় পর ফিরছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। ২০০৬ সালে শেরে বাংলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নামে সর্বশেষ অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্ট আসছে জানুয়ারিতে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নাম নিয়ে ফিরবে, গতকাল এ ঘোষণা দেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন।
গতকাল শনিবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, হোম-অ্যাওয়ে ভিত্তিক এই টুর্নামেন্টে খেলতে পারবে জেলা, বিভাগ, বিশ্ববিদ্যালয় ও সার্ভিসেস দলগুলো।
সংবাদ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দলগুলোকে ১৫টি ফুটবল ও অংশগ্রহণ অর্থ দেয় ফেডারেশন। শুরুর দিকে ১০ জানুয়ারিতে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা থাকলেও সভায় আসা জেলা প্রতিনিধিদের অনুরোধে ১০ দিন পেছানো হয় টুর্নামেন্টটি।
২০০৬ সালে সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার পর থেকে নানা জটিলতায় থমকে যায় এর যাত্রা।
তবে বাফুফে সভাপতি জানালেন এবার থেকে নিয়মিতই অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। সালাহউদ্দিনের ভাষ্য, ‘প্রথমবারের মতো বঙ্গবন্ধুর নামে এই টুর্নামেন্টের আয়োজন করছি আমরা।
এখানে ফিফা-এএফসির নিয়মমতো হোম-অ্যাওয়ে ভিত্তিক টুর্নামেন্টই হবে। এখন থেকে প্রতিবছরই এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। জানুয়ারি মাসেই থাকবে আয়োজনের সময়।’