চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি ’৮২ কর্তৃক আয়োজিত দাবা ফেডারেশন ও সিজেকেএসয়ের সার্বিক সহযোগিতায় শহিদ কাজী সাদিক হাসান আন্তর্জাতিক রেটিং উন্মুক্ত দাবা টুর্নামেন্টে ৯ম রাউন্ড শেষে মেহেদী হাসান পরাগ চ্যাম্পিয়ন ও সোহেল চৌধুরী রানারআপ হয়েছেন। এছাড়া সাইফুল ইসলাম চৌধুরী ৩য়, মো. আবু হানিফ ৪র্থ, অভিক সরকার ৫ম, আহম্মেদ ফিরোজ ৬ষ্ঠ, মঈনুদ্দিন ৭ম, জামাল উদ্দিন ৮ম, আব্দুল্লাহ আল রিসন ৯ম, মো. নাছির উদ্দিন ১০ম, মো. দীন ১১তম এবং রাফি ১২তম স্থান লাভ করে বিশেষভাবে পুরষ্কৃত হন।
৯ রাউন্ডের সুইস লিগ পদ্ধতির খেলা শেষে গতকাল সন্ধ্যায় নগরীর ষোলশহরের এলজিইডি মিলনায়তনে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন শহিদ জায়া বেগম মুশতারী শফি। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মো. মাহাবুবুল আলম। চবি প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি ’৮২ এর আহ্বায়ক জসীম উদ্দিন মাহমুদ, সদস্য সচিব সুরজিত বড়ুয়া, এ টি এম হামিদুল হক, চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম গিয়াস উদ্দিন, ওয়াসার উপ-সচিব গোলাম হোসেন, সিজেকেএসয়ের দাবা সম্পাদক তনিমা পারভীন, শহিদ ভ্রাতা সাজ্জাদ হাসান প্রমুখ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাত জনসহ মোট ৩২ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। ভারতের শেকল্যান সাহা এবং দুই প্রতিবন্ধী ও উদীয়মান বালিকায় প্রিমা ও রুমায়সা হায়দারকে প্রাইজ প্রদান করে চবি প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি ’৮২। জাতীয় আরবিটর প্রকৌশলী এস এম তারেক ও মো. তারেক হোসেন খেলাগুলো পরিচালনা করেন।