ক্রেতাদের আগ্রহ ছোটো ও মাঝারি ফ্ল্যাটে

শেষ হলো রিহ্যাব উইন্টার ফেয়ার

 ইত্তেফাক রিপোর্ট

ক্রেতা-দর্শনার্থীদের সাড়া ও আগ্রহের মধ্য দিয়ে শেষ হলো আবাসন খাতের বড়ো আয়োজন রিহ্যাব উইন্টার ফেয়ার ২০১৯। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনের এই মেলার শেষ দিন ছিল গতকাল শনিবার। শেষ দিন হওয়ায় বেশ ভিড় ছিল ক্রেতা-দর্শনার্থীর। এর আগে চলতি বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে সর্বশেষ মেলা হয়েছিল। গতকাল শেষ দিনে ক্রেতা-দর্শনার্থীরা পছন্দের প্লট ও ফ্ল্যাট নিয়ে ব্যস্ত ছিলেন। মেলায় জমি, ফ্ল্যাট, বাড়ি কিংবা পুরনো সম্পত্তিরও কেনাবেচা হয়েছে। প্রতিবছরের মতো এবারও তাই নানা ছাড়-অফার কিংবা নানা পুরস্কারের ঝুলি নিয়ে বিক্রেতারা পসরা সাজিয়েছিলেন। বুকিং দিলেই বিভিন্ন ছাড়সহ পুরস্কার বা উপহার অফার করেছে প্রতিষ্ঠানগুলো। ফ্ল্যাট এবং প্লট ছাড়াও বাড়ি তৈরির উপকরণ, আইনি সহায়তা, ব্যাংক লোন প্রক্রিয়া সবই মিলেছে এক ছাদের নিচে। তবে ক্রেতারা নজর দিয়েছেন তাদের পছন্দের জায়গা অথবা ফ্ল্যাট নিয়ে।

সাধারণ ফ্ল্যাটের চেয়ে বাচ্চাদের খেলার জায়গাসহ নানা সুযোগ-সুবিধাসংবলিত কনডোমিনিয়াম প্রকল্পের দিকেও ক্রেতাদের আগ্রহ লক্ষ্য করাগেছে। চাহিদা বৃদ্ধি পাওয়ায় আবাসন প্রতিষ্ঠানগুলোও এখন সেদিকে ঝুঁকছে। নতুন নতুন প্রকল্প নিচ্ছে তারা।

সন্তুষ্টির কথা জানিয়েছেন ক্রেতা-বিক্রেতা উভয়ই। রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভুঁইয়া বলেন, যারা এসেছেন বেশির ভাগই ফ্ল্যাট ও প্লট কেনার খোঁজখবর নিয়েছেন। এদের মধ্যে অনেকে বুকিং দিয়েছেন। মেলার পরে আরো ছয় মাস ক্রেতাদের কাছে ফ্ল্যাট বিক্রি হবে। তবে এই মেলা আবাসন খাতে বেচাকেনা চাঙ্গা করবে বলে আশা করেন তিনি।

রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ বলেন, আমরা মনে করি আমাদের আয়োজন সফল হয়েছে। এবারের মেলায় শীতে বেড়াতে আসা প্রচুর প্রবাসী বাংলাদেশি ঘুরে গেছেন। যারা মেলায় ফ্ল্যাট এবং প্লটের খোঁজখবর নিয়েছেন। আমরা আশাবাদী তারা এই খাতে বিনিয়োগ করবেন।

উল্লেখ্য, এবারের রিহ্যাব ফেয়ারে ১৬০টি প্রতিষ্ঠানের মোট স্টল ছিল ২৩০টি। এবছর ৩০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৪ অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিবারের মতো মেলায় ঋণ সুবিধা দিতে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থাকায় বাড়তি সুবিধা পেয়েছেন বলে জানিয়েছেন মেলায় আসা ক্রেতা সাধারণ। ক্রেতারা বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে তাদের প্রকল্পগুলোর প্রসপেক্টাস নিয়ে গেছেন। যাচাই বাছাই করে পরবর্তী সময়ে যোগাযোগ করবেন বলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো প্রত্যাশা করছে। প্রতিষ্ঠানগুলো জানিয়েছে মেলায় আসা ক্রেতাদের মধ্যে মধ্যবিত্ত ক্রেতার সংখ্যা সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। তাদের আগ্রহ ছিল ছোটো এবং মাঝারি ফ্ল্যাটের দিকে।