ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, পুলিশের ইমেজ বৃদ্ধির জন্য কাজ করছি। থানা হবে মানুষের আশ্রয়স্থল। ভুক্তভোগীরা সর্বপ্রথম সাহায্যের জন্য থানায় আসেন। থানার অফিসারদের মানসিকতা, আচরণ ও ব্যবহার সর্বোত্তম হতে হবে।
তিনি আরো বলেন, দেশের প্রায় ৭০০ থানার ওসিকে পুলিশ সদরে ডেকে সরাসরি কথা শুনেছি ও বলেছি। আমরা জনগণের পুলিশ হতে চাই, মানবিক পুলিশ হতে চাই। ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ স্লোগান ধারণ করে আমরা কাজ করছি। গতকাল সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়াম অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির ৩৭তম বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে অবসরপ্রাপ্তদের কাজ করার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, বর্তমানে দেশে যেভাবে মাদক ছড়িয়েছে সেক্ষেত্রে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হিসেবে আপনাদেরও দায়িত্ব রয়েছে। সবাই যার যার অবস্থান থেকে মাদক, জঙ্গি, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কাজ করুন। সাবেক আইজিপি ও সমিতির সভাপতি আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির পক্ষ থেকে সমিতির পাঁচ বয়োজ্যেষ্ঠ সদস্যকে সম্মাননা তুলে দেন আইজিপি। এছাড়া কমিউনিটি পুলিশিং এবং সমাজ সেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য কর্মরত তিন পুলিশ অফিসারকে ‘এস এম আহসান স্মৃতি পুরস্কার’ দেওয়া হয়।