ঢাকাকে ২০২০ সালের জন্য ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ঘোষণা

ঢাকাকে ২০২০ সালের জন্য ইয়ুথ ক্যাপিটাল হিসেবে ঘোষণা করেছে ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসির যুব সংগঠন ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফ)। ইস্তাম্বুলে আইসিওয়াইএফ-এর সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত ২৫ ডিসেম্বর তুরস্কে চ?তুর্থ যুব ও ক্রীড়া মন্ত্রীদের ইসলামিক সম্মেলনে ঢাকাকে ২০২০ সালের জন্য ওআইসি ইয়ুথ ক্যাপিটাল হিসেবে ঘোষণা দেওয়া হয়। সে অনুযায়ী ২০২০ সালের ১ জানুয়ারি থেকে এই উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে একটি চিঠিও দিয়েছে আইসিওয়াইএফ। আগামী বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ঢাকায় নানা কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশের তরুণদের চিন্তা ও ভাবনা বিশ্ব দরবারে তুলে ধরতে ঢাকাকে ওআইসি ক্যাপিটাল ঘোষণার উদ্যোগ নেওয়া হয়। আইসিওয়াইএফ যাতে ঢাকাকে ইয়ুথ ক্যাপিটাল ঘোষণা করে সেজন্য অনুরোধ জানায় বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ বিষয়ে গতকাল ইত্তেফাককে বলেন, এই ঘোষণা আমাদের জন্য গৌরবের। বাংলাদেশের তরুণদের সৃজনশীলতা ও রাষ্ট্র গঠনে ইতিবাচক ভূমিকা বিবেচনায় নিয়ে আইসিওয়াইএফ এই ঘোষণা দিয়েছে। আমাদের মোট জনসংখ্যার বেশির ভাগই তরুণ। তথ্য ও প্রযুক্তি খাতে বিপুলসংখ্যক তরুণ-তরুণী কাজ করছে। জাতীয় রাজনীতি ও নেতৃত্বে তরুণরা এগিয়ে আসছে। বর্তমান সংসদে তরুণ প্রতিনিধিদের সংখ্যা বেশি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক্ষেত্রে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করবে।