শব্দের চেয়ে ২০ গুণ গতিতে চলতে সক্ষম অত্যাধুনিক হাইপারসোনিক মিসাইলের প্রথম রেজিমেন্ট মোতায়েন করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণায় মোতায়েনের স্থান জানানো হয়নি। তবে এর আগে দেওয়া ইঙ্গিত থেকে ধারণা করা হচ্ছে, এটি উরাল অঞ্চলে স্থাপন করা হয়েছে। খবর বিবিসির
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই মিসাইলগুলো শব্দের চেয়ে ২০ গুণ গতিতে ছুটতে পারবে এবং রাশিয়াকে অন্যান্য দেশের চেয়ে সামনে এগিয়ে নিয়েছে। এসব মিসাইলে গাইড সিস্টেম থাকছে যা এগুলোর চলার সক্ষমতা বাড়িয়ে দেবে এবং প্রতিরোধ করা অসম্ভব করে তুলবে। প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, অ্যাভনগার্ড হাইপারসোনিক গাইড ভেহিকল নামের এই প্রযুক্তি ২৭ ডিসেম্বর মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ চালু করা হয়েছে। গত মঙ্গলবার পুতিন বলেছিলেন, এই মিসাইল ব্যবস্থাটি বর্তমান বা ভবিষ্যতের যে কোনো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারবে। তিনি আরো বলেন, 'বিশ্বের আর কোনো দেশের কাছে সুপারসনিক অস্ত্রও নেই, আন্তঃমহাদেশীয় মিসাইল তো দূরের কথা।
আরও পড়ুন: প্রিয়াঙ্কা গান্ধীকে ঘাড় ধরে নির্যাতন পুলিশের!
২০১৮ সালের ডিসেম্বর মাসে অস্ত্রটির একটি পরীক্ষা চালানো হয়, যাতে ছয় হাজার কিলোমিটার দূরের একটি লক্ষ্যবস্তুতে আঘাত করে মিসাইল। অ্যাভনগার্ড নামের এই মিসাইলটি দুই মেগাটন আকৃতির একটি পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মিসাইলটির ছবি প্রকাশ করেছে। তবে অস্ত্র বিশেষজ্ঞরা এটির কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, অ্যাভনগার্ড মিসাইল সিস্টেমের ক্ষমতা সম্পর্কে রাশিয়ার দাবি নিয়ে তারা কোনো ব্যাখ্যা বিশ্লেষণে যাবে না। যুক্তরাষ্ট্র ও চীনের নিজস্ব হাইপারসোনিক মিসাইল কর্মসূচি আছে। নতুন স্টার্ট চুক্তির আওতায় গত ২৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের মিসাইল ব্যবস্থাটি পরিদর্শন করার সুযোগ দেয় রাশিয়া।
ইত্তেফাক/এসইউ