বাংলাদেশের অর্থনীতিতে ডিজিটালাইজেশনের এক মাইলফলক হিসেবে মাস্টারকার্ডের সহযোগিতায়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড ‘বাংলাকিউআর’ চালু করার ঘোষণা দিয়েছে। এটি একটি ইন্টারঅপারেবল কুইক রেসপন্স (কিউআর) ভিত্তিক পেমেন্ট সমাধান। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই বাংলা কিউআর চালুর ঘোষণা দেয়া হয়। দেশে প্রথমবারের মতো এই বাংলা কিউআর, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) মাস্টারকার্ড ব্র্যান্ডেড ক্রেডিট, ডেবিট এবং প্রিপেইড কার্ড ব্যবহার করে কার্ডধারীদের এমটিবি মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন দ্বারা তৈরি একটি কিউআর কোড ব্যবহার করে অর্থ প্রদানের সুবিধা দেবে। এর সাথে অন্যান্য ব্যাংক এবং অর্থপ্রদানের নেটওয়ার্কের সাহায্যে ইন্টারঅপারেবল সমাধানটি করা হবে। বাংলাকিউআর হলো বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত দেশের জাতীয় কিউআর। ঢাকার একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল।
নতুন এই প্রযুক্তির সাহায্যে এমটিবি মাস্টারকার্ড কার্ডধারীরা তাদের এমটিবি মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশনে ‘স্কেন টু পে’-তে প্রবেশ করে মার্চেন্টের চেকআউট কাউন্টারে প্রদর্শিত কিউআর কোডটি স্ক্যান করে অর্থ প্রদান করতে পারবেন। এরপর কার্ডহোল্ডারকে এমটিবির ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ডের মাধ্যমে অর্থ প্রদান সম্পূর্ণ করতে পিন এবং অর্থের পরিমাণ প্রদান করতে হবে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেছেন, ‘এমটিবি তার গ্রাহকদের জন্য দ্রুত এবং আরো সুবিধাজনক পদ্ধতিতে অর্থ প্রদানের ব্যবস্থা প্রদান করতে পেরে অত্যন্ত আনন্দিত। এমটিবি অ্যাপ্লিকেশন দ্বারা কিউআর কোডটি দ্রুত স্ক্যান করার সাথে সাথে, আমাদের কার্ডধারীরা আগের চেয়ে বেশি সহজে অর্থ প্রদান করতে সক্ষম হবেন। আমরা নিশ্চিত যে এমটিবি এবং মাস্টারকার্ডের যৌথ প্রচেষ্টার ফলস্বরূপ বাংলা কিউআর বাংলাদেশে ডিজিটাল পেমেন্টের এক নতুন যুগ নিয়ে আসবে।’