চাটমোহরে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে ফসলি জমিতে অবাধে চলছে পুকুর খনন। উপজেলা জুড়ে এসব পুকুর খনন করা হচ্ছে মাছ চাষের জন্য। কৃষি জমিতে এসব পুকুর খননের কারণে ফসলি জমি সৃষ্ট জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে।
সরেজমিনে উপজেলার কামালপুর গ্রামে দেখা গেছে, ফসলি জমিতে এক্সকাভেটর লাগিয়ে অবাধে পুকুর খনন করা হচ্ছে। এ সময় স্থানীয়রা জানান, কয়েক বছর ধরেই এলাকায় উর্বর ফসলি জমিতে পুকুর ও দিঘি খনন চলছে। এসব পুকুরের কারণে জমিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকতেখারুল ইসলাম বলেন, ফসলি জমিতে পুকুর খননকারীদের বিরুদ্ধে ইতিপূর্বেও ব্যবস্থা নেওয়া হয়েছে। আবারও যদি কেউ এ কাজে জড়িত থাকে, তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।