চাটমোহরে আমন সংগ্রহে ধীরগতি!

সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযানে ধীরগতির কারণে চাটমোহরে ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। হাটবাজারে এনেও ধানের দাম পাচ্ছেন না তারা। কৃষকরা বলছেন, সরকারি গুদামে ধান সংগ্রহের ধীরগতির কারণে বাজারে ধানের সরবরাহ বেশি। কিন্তু সে তুলনায় ক্রেতা নেই। আর এই সুযোগ নিচ্ছেন মহাজন আর চালকলের মালিকরা। রবিবার উপজেলার অমৃতকুন্ডা হাটে প্রতি মন আমন ধান মানভেদে ৬৫০ থেকে ৭০০ টাকার মধ্যে বিক্রি হয়েছে।

গত ২০ নভেম্বর আমন ধান সংগ্রহ অভিযান শুরু হলেও এ উপজেলায় ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয় ১০ ডিসেম্বর। ঐদিন সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে ৫ হাজার ৯৫৬ জন তালিকাভুক্ত কৃষকের মধ্যে ১ হাজার ৫৮৪ জন কৃষক নির্বাচন করা হয়। কিন্তু রবিবার পর্যন্ত ধান সংগ্রহ হয়েছে মাত্র এক মেট্রিক টন। উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন বৈরি আবহাওয়ায় ধানে আদ্রতা বেশি থাকায় ধীরে ধান কেনা হচ্ছে।