বরিশালে কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ২ হাজার ৩৬০ বোতল ফেনসিডিল এবং ২৫ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে র্যাব-৮ সদস্যরা।
শনিবার রাতে নগরীর নথুল্লাবাদে র্যাব-৮ এর চেকপোস্টে মাদকবাহী ঐ কাভার্ড ভ্যানসহ দুই জনকে আটক করা হয়। আটককৃতরা হলো—ফরিদপুরের মধুখালী থানার বকশি চাঁদপুর গ্রামের সোহেল গাজী ওরফে আল-আমিন এবং একই জেলার ভাঙ্গা থানার চুমুরদ্দি গ্রামের মো. মিঠু।
রবিবার নগরীর রূপাতলী র্যাব-৮ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে র্যাব-৮ এক কোম্পানি কমান্ডার মেজর খান সজিবুল ইসলাম বলেন, ঝিনাইদহ থেকে কাভার্ড ভ্যানে করে বিপুল পরিমাণ মাদক বরিশালে পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর বিশেষ দল নগরীর নথুল্লাবাদ সিএন্ডবি রোডে চেকপোস্ট স্থাপন করে। জরুরি রপ্তানি কাজে নিয়োজিত স্টিকার লাগানো সন্দেহভাজন কাভার্ড ভ্যান তল্লাশি করে ২ হাজার ৩৬০ পিস ফেনসিডিল এবং ২৫ কেজি গাঁজা উদ্ধার ও দুই জনকে আটক করা হয়। রবিবার তাদের কোতোয়ালি থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।