পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. শহীদ সরদারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। হামলার সময় বড়ো ভাই বাচ্চু সরদার বাধা দিতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়।
শনিবার রাতে উপজেলার মিরুখালী বাজার সংলগ্ন বান্দাকাটা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় দুই ভাইকে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সক রাতেই ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন।
আহত শহীদ সরদার ও বাচ্চু সরদার উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের মৃত আনোয়ার হোসেন সরদারের ছেলে। শহীদ সরদার উপজেলার দাউদখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহীদ সরদার মিরুখালী বাজার সংলগ্ন বান্দাকাটা এলাকায় দলিল লেখক সিদ্দিক জমাদ্দারের ঘরে বসে জমিজমা সংক্রান্ত কাগজপত্র দেখছিলেন। এ সময়ে সাত/আট জন দুর্বৃত্ত দেশীয় ধারাল অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে শহীদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। শহীদের চিত্কারে তার বড়ো ভাই বাচ্চু সরদার বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হামলার ঘটনায় আহতদের স্বজনদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।