কোদালের হাতল দিয়ে ছাত্রী পেটানোর অভিযোগ

অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জ সদর উপজেলার মঈনুল হক কলেজের দুই ছাত্রীকে কোদালের হাতল দিয়ে পেটানোর ঘটনায় কলেজের সাধারণ শিক্ষার্থীরা জয়নগর বাজারে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। রবিবার দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাস ঘুরে জয়নগর বাজারে এসে প্রতিবাদ সভার মধ্য দিয়ে শেষ হয়। ক্ষুব্ধ শিক্ষার্থী অধ্যক্ষ মতিউর রহমান ও তার স্ত্রী উপাধ্যক্ষ আফরোজা পারভিনের পদত্যাগ দাবি করেন। প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন কলেজের ছাত্র রবিন, আফসানা বেগম, সাবিনা আক্তার প্রমুখ।

উল্লেখ্য, গত শনিবার কলেজের এইচএসসি দ্বীতীয় বর্ষের অকৃতকার্য দুই ছাত্রী শাখাইতি গ্রামের তাসলিমা খানম ও মাগুরা গ্রামের নাঈমা আক্তার নির্বাচনী পরীক্ষায় সুযোগ দেওয়ার জন্য তার পা ধরে অনুরোধ জানান। অধ্যক্ষ তাদের প্রথমে লাথি দিয়ে ফেলে দেন। পরে কোদালের হাতল দিয়ে বেধড়ক পেটান। অধ্যক্ষ মতিউর রহমানকে এ ব্যাপারে জানতে চেয়ে ফোন দিলে তার স্ত্রী ফোন রিসিভ করে বলেন—তিনি বাইরে আছেন।