টানা দুই কার্যদিবস শেয়ারবাজারে সূচক বাড়ল

সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ঊর্ধ্বমুখী ভাব দেখা গেছে। বেশ কয়েকদিন টানা পতনের পর গত দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকল দেশের শেয়ারবাজার।

গতকাল ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়েছে ৪ হাজার ৪৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫১২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়ে ৯৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

সবকটি সূচকের উত্থানের সঙ্গে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৬৩টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১২৫টির। আর ৬৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

সূচক ও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদাম বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৩০০ কোটি ৭৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩০৫ কোটি ৬ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৪ কোটি ২৯ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ১০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিকসের শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ১ লাখ টাকার। ৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ড্যাফোডিল কম্পিউটার।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে—প্রাইম ব্যাংক, খুলনা পাওয়ার, রিং সাইন, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, ব্যাংক এশিয়া, এসকে ট্রিমস এবং আনলিমা ইয়ার্ন।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৮৭ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৮৭ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ২৩২ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।