রিহ্যাব মেলায় ৪৫৬ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি

এবারের রিহ্যাব উইন্টার ফেয়ারে ৪৫৬ কোটি টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে। এছাড়া ব্যাংক কমিটমেন্ট এসেছে প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত পাঁচ দিনব্যাপী এই ফেয়ারে ক্রেতা-দর্শনার্থী প্রবেশ করেছেন ২৯ হাজার ১০৩ জন। রিহ্যাব ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর দেওয়া তথ্য অনুযায়ী ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে ২৭৬ কোটি টাকা, প্লট ৫৩ কোটি টাকা এবং বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে ১২৭ কোটি টাকা।

২৪-২৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই ফেয়ার সম্পন্ন হয়। মেলায় ১৬০টি প্রতিষ্ঠানের মোট ২৩০টি স্টল ছিল। এ বছর ৩০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৪ অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে রিহ্যাব। মেলার শেষ দিন র্যাফল ড্র অনুষ্ঠিত হয়। র্যাফল ড্রর প্রধান আকর্ষণ ছিল প্রাইভেট কার। জোবায়ের বিন কিবরিয়া নামে এক ব্যক্তি লটারির মাধ্যমে প্রাইভেট কারটি জিতে নেন।