ভারতের চ্যালেঞ্জ দেখছেন সৌরভ

গত বছরই ভারত ঐতিহাসিক সিরিজ জিতেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই প্রথম অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ জিতেছে তারা। ফলে সে নিয়ে উচ্ছ্বাসের কোনো কমতি ছিল না। তারপর থেকে ভারত দেশের মাটিতে টানা জয়ের মধ্যে আছে। বোর্ড সভাপতি হিসেবে অভিষেকের পর থেকে দলের একটার পর একটা সাফল্য দেখছেন সৌরভ গাঙ্গুলি। কিন্তু সৌরভ বলছেন, আসল চ্যালেঞ্জ আসছে সামনে। ভারত এই বছর আবার অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে। আর এবার তাদের মুখোমুখি হবে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারের ফেরায় পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া। আগেরবার এই দুজন ছিলেন না দলে। সৌরভ বলছেন, এটাই এই ভারতীয় দলের জন্য দারুণ একটা চ্যালেঞ্জের ব্যাপার হবে। তিনি বলছিলেন,‘তারা (ভারতীয় দল) এবার অস্ট্রেলিয়া সফরে আরো অনেক বড়ো চ্যালেঞ্জের মুখোমুখি হবে।’