ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের খেলাগুলো আজ থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে। আজ ও আগামীকাল দুই দিনে চারটি কোয়ার্টার ফাইনালের ম্যাচ দেখা যাবে। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনালে আবাহনী খেলবে রহমতগঞ্জের বিপক্ষে, সন্ধ্যায় মোহামেডান খেলবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। কঠিন লড়াই হবে, সেটা সহজেই অনুমেয়। কারণ রহমতগঞ্জ গতকাল গ্রুপ হতে বিদায় নিয়েছিল। এবার রহমতগঞ্জ কোয়ার্টার ফাইনালে উঠায় তারাও যেন মরিয়া হয়ে উঠছে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর বিপক্ষে রহমতগঞ্জ ফাইনাল ম্যাচ মনে করে মাঠে নামবে। পুরান ঢাকার এ দলটি প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল। সাইফের মতো বড়ো দলের বিপক্ষে রহমতগঞ্জ হাতেগোনা কয়েক দিন অনুশীলন করে মাঠে নেমেছিল। পরের ম্যাচে শেখ জামালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে রহমতগঞ্জ কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখতে শুরু করে। উঠেছেও তারা। আবাহনী এই রহমতগঞ্জকে কোনোভাবেই খাটো করে দেখছে না। রহমতগঞ্জ এরই মধ্যে নিজেদের সফল মনে করছে, কারণ এই টুর্নামেন্টের গত আসরে গ্রুপ হতেই বিদায় নিয়েছিল। সেই হিসাব করলে এবার তারা অনেক দূর এগিয়েছে। তাই তো আজকে কোচ মারিও লেমসের দল আবাহনীর ওপর মরণ কামড় দিতে প্রস্তুত কোচ গোলাম জিলানীর রহমতগঞ্জ। আবাহনীর কট্টর সমর্থকরা মাঠে যাবেন তবে এক টিকিটে দুই ম্যাচ দেখারও সুযোগ পাবেন। বাড়তি সুযোগ হচ্ছে সন্ধ্যায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে মোহামেডান, প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী।
টুর্নামেন্ট শুরু হওয়ার আগে মোহামেডানের ইংলিশ কোচ শেন লিন কোয়ার্টার ফাইনালের কথা ভুলেও মুখে আনেননি। অন্য তিন গ্রুপে তিন-তিনটি করে দল থাকলেও ডি গ্রুপে চার দলের সঙ্গে ছিল মোহামেডান। ম্যাচও বেশি পেয়েছিল মোহামেডান। এটাইকে বড়ো সুবিধা দেখছিলেন কোচ। ড্র অনুষ্ঠানে গিয়ে বলছিলেন ম্যাচ বেশি পাওয়ার সুবিধার কথা। দলটার যে অবস্থা ম্যাচ বেশি পেলে ঘষামাজাটা ভালো হবে লিগে, এতে সুফল পাওয়া যেতে পারে। সেই হিসেবে মোহামেডান কোচ খুশি। টুর্নামেন্টের গত আসরে কোয়ার্টার ফাইনালেই উঠতে পারেনি মোহামেডান।
কোয়ার্টার ফাইনাল
৩০ ডিসেম্বর
আবাহনী ও রহমতগঞ্জ এবং
মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী।
(৩টা ৩০ ও ৬টা ৩০, বঙ্গবন্ধু স্টেডিয়াম)।
৩১ ডিসেম্বর
সাইফ স্পোর্টিং ও পুলিশ এবং
বসুন্ধরা কিংস ও মুক্তিযোদ্ধা সংসদ।
(৩টা ৩০ ও ৬টা ৩০, বঙ্গবন্ধু স্টেডিয়াম)।
২ ডিসেম্বর :প্রথম সেমিফাইনাল
৩ ডিসেম্বর : দ্বিতীয় সেমিফাইনাল
৫ ডিসেম্বর :ফাইনাল