বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। গত শনিবার ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
কুমিল্লা: কুমিল্লায় যাত্রীবাহী বাস উলটে জিয়াউদ্দিন নামে একজন নিহত ও অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিয়াউদ্দিন চৌদ্দগ্রাম উপজেলার কুঞ্জশ্রী গ্রামের জানু মিয়ার ছেলে।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ): বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডের পাশে সিলভার লাইন বাসের চাপায় হাসিবুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একমি ওষুধ কোম্পানির মেডিক্যাল প্রতিনিধি হিসেবে উল্লাপাড়ায় কর্মরত ছিলেন। হাসিবুর পাবনা জেলার চাটমোহর উপজেলার বাসিন্দা।
লোহাগড়া (নড়াইল): লোহাগড়ার লক্ষ্মীপাশা-মহাজন সড়কের লুটিয়া খালচর এলাকায় গতকাল মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে নয়ন দত্ত (১০) নামে এক শিশু নিহত হয়েছেন। নয়ন দত্ত কুমড়ি মধ্যপাড়া গ্রামের রহমান দত্তর ছেলে।
বদরগঞ্জ (রংপুর): বদরগঞ্জে মাটি বোঝাই ট্রলির চাপায় বুলু খাঁ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার রামনাথপুর ইউপির উত্তর মোকসেদপুর পাঠানপাড়া নামক গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বুলু খাঁ পাঠানপাড়া গ্রামের।
ওসমানীনগর (সিলেট) : শনিবার এনা পরিবহনের ঢাকাগামী একটি বাস দয়ামীর এলাকায় আরিফুল ইসলাম চৌধুরী নামে এক কিশোরকে ধাক্কা দিয়ে আহত করে।