প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গাইবান্ধা থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকারের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পরে ইউনুস আলীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে দলীয় প্রধান হিসেবে সিনিয়র নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী ডা. ইউনুস আলীর কফিনে আরো একটি পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এবং চিফ হুইপ ও হুইপগণ ইউনুস আলীর কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইউনুস আলীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, মাহবুবুল আলম হানিফ, মির্জা আজম, শামসুল হক টুকুসহ সাবেক ও বর্তমান সংসদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ সর্বস্তরের নাগরিক, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।
সাদুল্লাপুরে দাফন সম্পন্ন
এদিকে গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ডা. মো. ইউনুস আলী সরকারের দাফন গতকাল রবিবার বাদ আসর তার জন্মভূমি সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম স্কুল এন্ড কলেজ মাঠে শেষ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়। জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলার সাত উপজেলা চেয়ারম্যান, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবী নেওয়াজ, জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন। জানাজায় ইমামতি করেন স্থানীয় পাকুরিয়া ঈদগাঁ মাঠের খতিব মও. নুরুল আলম কাসেমী।
গত শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। চিকিত্সক পেশা থেকে রাজনীতিতে আসা ইউনুস আলী সরকার ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনর্নির্বাচিত হয়ে সংসদে আসেন।