সোনারগাঁওয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর সুখেরটেক এলাকায় সফেদা বেগম (৩৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে পুলিশ সুখেরটেক বালুর মাঠ এলাকা থেকে দুই সন্তানের জননী এই গৃহবধূর লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহত সফেদা বেগমের মা মোমেলা বেগম জানান, গত শুক্রবার সন্ধ্যার দিকে সফেদা বেগমের সঙ্গে তার স্বামী তাফাজ্জল হোসেনের ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী তাফাজ্জল হোসেন রাগ করে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি চলে যান। রাত আটটার দিকে সফেদা বেগম ঘর থেকে বের হন। এরপর বিভিন্ন জায়গায় খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে বাড়ির পাশের একটি বালুর মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকার লোকজন।

সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।