গত ১১ ডিসেম্বর কেরানীগঞ্জের চুনকুটিয়ার হিজলতলায় অনুমোদনহীন প্রাইম প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝরে যায় ২২টি তাজা প্রাণ। এরপর থেকেই কেরানীগঞ্জে অবৈধ কারখানাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় গত শনিবার কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নে বিভিন্ন কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল। কারখানাগুলোতে অগ্নিনির্বাপক ব্যবস্থা, পরিবেশের ছাড়পত্র ও অনুমোদনপত্র না থাকায় এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, তানভীর রাবার ইন্ডাস্ট্রিজ, মামা ভাগ্নে ওয়াশ মিল, ক্রাউন লাইট ফ্যাক্টরি ও সিয়াম ঢালাই কারখানা ও সাইফুল হাজির তারের কারখানা সিলগালা করে দেওয়া হয়। কামরুল হাসান সোহেল বলেন, কেরানীগঞ্জে পুনরায় আবার কোনো কারখানায় আগুন লাগুক তা আমরা চাই না। অনুমোদনবিহীন অবৈধ ও ভেজাল পণ্যের কারখানা বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মালিকদের বলা হয়, ‘আপনারা নিয়মনীতি মেনে ব্যবসা করেন। আপনাদের পরিবারের মুখে হাসি ফুটাতে অন্য কোনো পরিবারের মুখের হাসি যেন মুছে না যায় সেদিকে খেয়াল রাখবেন। দ্রুত সময়ে কল-কারখানায় অগ্নিনির্বাপক ব্যবস্থাসহ অন্যান্য কাগজপত্র ঠিক করবেন। অন্যথায় পরবর্তীতে আর্থিক জরিমানাসহ জেল দেওয়া হবে।’ এ সময় ফায়ার সার্ভিসের একটি টিম ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি টিম ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিল।
হাজার পিস ইয়াবাসহ দুই মাদক
কারবারি আটক
উপজেলার চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় শনিবার সকালে কেরানীগঞ্জ র্যাব-১০ এর সদস্যরা অভিযান চালিয়ে ১০০৫ পিস ইয়াবা ও তিনটি মোবাইলফোনসহ দুজন মাদক কারবারিকে আটক করেন। তাদের নাম টুটুল বর্মন (২৪) ও মো. অকিল (২২)। দুজনের বিরুদ্ধে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাব-১০ সিপিসি-২, কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।