দ্বন্দ্ব আর অভিযোগের কবলে পড়ে আটকে যাওয়া ঢাকার ধামরাইয়ের তিনটি ইউনিয়ন, পৌর ও উপজেলা আওয়ামী লীগের সম্মেলনটি হবে কবে? এ জিজ্ঞাসাটি সংগঠনটির সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষের। এরই মধ্যে গঠিত ১৬২টি ওয়ার্ড ও ১৩টি ইউনিয়ন কমিটির কোনো কমিটি পরিবর্তন হবে কি না?—এমন প্রশ্নও উঠেছে। বাদবাকি কমিটিগুলো গঠনের ক্ষেত্রে হিসাব-নিকাশের পরিবর্তন হতে পারে বা অনেকের ভাগ্য বদলে যেতে পারে বলেও মনে করছেন অনেকে। তবে উপজেলা কৃষক লীগের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী বালিয়ার ইউপি চেয়ারম্যান আহাম্মদ হোসেন বলেছেন, সম্মেলন কবে হবে তা বলা যাচ্ছে না। তবে জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির প্রথমদিকে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্ভাব্য সভাপতি প্রার্থী মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী কাউন্সিলর সাহেব আলী জানান, সম্মেলন অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক।
এরই মধ্যে গঠিত কমিটিগুলো সম্পর্কে সাখাওয়াত হোসেন সাকু ও আহাম্মদ হোসেন আরো বলেন, কমিটিগুলো পরিবর্তনের সম্ভাবনা নেই। আর যেহেতু নতুন কমিটি গঠিত হবে কাজেই ভাগ্য তো বদলাতেই পারে। তবে এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা এম এ মালেকের বক্তব্য পাওয়া যায়নি।