আজ ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। গতকাল রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে বলেন, এ উপলক্ষ্যে দেশব্যাপী বিএনপি সভা-সমাবেশ-মিছিল-কালো ব্যাজ ধারণ এবং দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করবে। ঢাকায় দিবসটি উপলক্ষ্যে আজ নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ২টায় সমাবেশ অনুষ্ঠিত হবে।
রিজভী বলেন, ৩০ ডিসেম্বরের আগের রাতেই ভোটারদের কাছ থেকে তাদের ভোটাধিকার হরণ করা হয়েছিল, দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। অতি দ্রুত সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। একই সঙ্গে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে যেন একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা হয়। তিনি আরো বলেন, ইভিএম ২৮ বছরের পুরোনো একটি প্রযুক্তি। এই পদ্ধতিতে কোনো কোনো দেশে ভোট গ্রহণের চেষ্টা হয়েছিল। কিন্তু প্রযুক্তিবিদদের গবেষণায় প্রমাণিত হয়েছে, ইভিএম একটি অস্বচ্ছ ভোট গ্রহণ পদ্ধতি, যা গণতন্ত্র চর্চায় সহায়ক নয়।