ঐক্যফ্রন্টের মিছিলে পুলিশের বাধা

একাদশ সংসদ নির্বাচনের এক বছর পূর্তির প্রাক্কালে পূর্বঘোষণা অনুযায়ী বিক্ষোভ মিছিল-সমাবেশ করার লক্ষ্যে গতকাল রবিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। তবে মিছিল বের করা মাত্রই পুলিশি বাধায় তা থেমে যায়। গত বছরের ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে ‘ভোট ডাকাতির’ অভিযোগ এনে এই সমাবেশ ও মিছিলের কর্মসূচি দিয়েছিল ঐক্যফ্রন্ট।

বেলা ৩টার পর থেকে প্রেসক্লাবের সামনে আসতে শুরু করেন ঐক্যফ্রন্টের কিছু নেতাকর্মী। বিকাল পৌনে ৫টার দিকে জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের নেতৃত্বে মিছিল বের করা হলে পুলিশ তা থামিয়ে দেয়। পরে প্রেসক্লাব চত্বরে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্যে রব বলেন, ‘আমরা কেমন দেশে বসবাস করছি, সেটা আপনারা সবাই দেখছেন। একটা বিক্ষোভ মিছিল করতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ বাধা দিয়েছে। আজকে দেশে কেউ স্বাধীন নয়। সবাইকে সরকার বন্দি করে রাখতে চায়। কিন্তু আমরা এটা হতে দেব না। আন্দোলন অব্যাহত রাখব।’ আজ সোমবার মত্স্য ভবনের সামনে নাগরিক ঐক্যের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হবে বলে জানান রব।