মানুষের প্রধান তিনটি মৌলিক অধিকারের মধ্যে উল্লেখযোগ্য বাসস্থান। মাথা গোঁজার নিরাপদ নিশ্চয়তা। একটু বাসস্থানের জন্য প্রাণপণ চেষ্টা। কষ্টার্জিত অর্থ দ্বারা নামিদামি প্রতিষ্ঠানের কাছ থেকে ক্রয়কৃত ফ্ল্যাটটি বসবাসের জন্য কতটুকু নিরাপদ, ক্রয়কৃত ফ্ল্যাটে পরোক্ষভাবে ভাড়া থাকছেন কি না, নিজের ক্রয়কৃত ফ্ল্যাটে নিজেই জিম্মি হয়ে আছেন কি না—এসব বিষয় একটু ভেবে দেখেছেন কি? বাংলাদেশে ফ্ল্যাট ব্যবসায়ীরা অর্থাত্ ডেভেলপার প্রতিষ্ঠানগুলো মূলত ভবনের অবস্থান অর্থাত্ গুরুত্বপূর্ণ এলাকা, আকর্ষণীয় আর্কিটেকচার প্ল্যানের ওপর জোর দিয়ে থাকেন। এক্ষেত্রে ডেভেলপার ফার্ম অধিকাংশ ক্ষেত্রে নির্ভর করে ‘সিভিল ইঞ্জিনিয়ার্স’-এর ওপর। ডেভেলপার ফার্মে নিয়োজিত সিভিল ইঞ্জিনিয়াররা অনেক ক্ষেত্রে নিয়মানুযায়ী ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের মতামত না নিয়ে কোনো প্রকার জোড়াতালি দিয়ে বৈদ্যুতিক/যান্ত্রিক কাজ সম্পন্ন করে থাকেন। যার ফলে, বিদ্যুত্ বিভ্রাট, অগ্ন্যুত্পাত, স্যানিটারি প্রভৃতি সমস্যা ফ্ল্যাটে বসবাসকারীদের জন্য প্রকট হয়ে দাঁড়ায়। যার জন্য উন্নত বিশ্বে Building Service Engineer-Civil, Electrical & Mechanical নিয়োজিত থাকেন। কিন্তু বাংলাদেশে অধিকাংশ ডেভেলপার ফার্মে Building Service Engineer, Electrical & Mechanical নিয়োজিত না থাকাতে সমস্যা প্রকট হয়ে দাঁড়াচ্ছে।
একটু চিন্তা করলে দেখা যাবে, ২০ তলা ইমারত ভবনে আপনি ১৬ তলার বাসিন্দা, খুব আনন্দের সঙ্গে বসবাস করছেন। হঠাত্ লিফটটি বন্ধ হয়ে গেল। লিফটটির প্রতিষ্ঠানের তাত্ক্ষণিকভাবে Back-up Service দেওয়ার সামর্থ্য নেই। দক্ষ জনবল নেই, মেরামতের মতো যন্ত্রাংশ নেই, নেই আর্থিক সামর্থ্য। ভাবুন তো একবার, নিজের ফ্ল্যাটে নিজেই বন্দি কি না! বাংলাদেশে নতুন নতুন অনেক Developer Firm সস্তায় ছোটোখাটো প্রতিষ্ঠান থেকে নিম্নমানের লিফট সংগ্রহ এবং স্থাপন করে থাকে। লিফটগুলো চকচক করলেও কিছুদিন পর বিরাট সমস্যা হয়ে জান-মালের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। যার জন্য স্থানীয় বাজারে কেনার আগে সাধারণত ভাবেন ফ্ল্যাটের সাইজ কত, কয়টি কক্ষ, কয়টি বাথরুম, টাইলস আছে কি না প্রভৃতি। কেনার আগে নিরাপত্তার জন্য আরো কিছু ভাবতে হবে। যেমন :
(১) লিফটটি কোন প্রতিষ্ঠানের, সম্ভাব্য রক্ষণাবেক্ষণ ব্যয় কত, তাত্ক্ষণিক সার্ভিস পাওয়ার সুযোগ রয়েছে কি না। (২) অগ্নিনির্বাপণের জন্য কী কী ব্যবস্থা রয়েছে? যা উচ্চ ভবনের জন্য অপরিহার্য। অনেক প্রতিষ্ঠান শুধু Extinguisher স্থাপন করে, যা Fire Fighting Management System-এর একটি অংশ মাত্র, যা অনেক ক্ষেত্রেই যথেষ্ট নয়। (৩) ইলেকট্রিক্যাল সাবস্টেশনটি কোন কোম্পানির? রক্ষণাবেক্ষণ ব্যয় কত? (৪) ফ্ল্যাটে বৈদ্যুতিক শক্তি (Electrical Consumption) ব্যবহারের সুযোগ কত? যাতে ভবিষ্যতে অধিকতর Electric ব্যবহারের সুযোগ রয়েছে কি না। অর্থাত্ ভবিষ্যতে আরো Air Cooler স্থাপনের সুযোগ রয়েছে কি না। (৫) ফ্ল্যাট Electrical Energy Meterটি বুঝে নিন, অন্যের বিল যাতে আপনাকে পরিশোধ করতে না হয়। জেনে নিন ফ্ল্যাটটি সরাসরি DESA/ DESCO/PDB-এর L.T. গ্রাহক কি না। (৬) ফ্ল্যাট ৩-ফেজ, নাকি ১-ফেজ জেনে নিন। অপ্রয়োজনে ফ্ল্যাটে ৩-ফেজ না থাকা বাঞ্ছনীয়। (৭) জেনে নিন, অভ্যন্তরীণ বৈদ্যুতিকীকরণ কাজটি বৈদ্যুতিক লাইসেন্সিং বোর্ড থেকে সনদধারী কোনো অভিজ্ঞ প্রকৌশলী দ্বারা পরীক্ষিত কি না।(৮) ভবিষ্যতে রক্ষণাবেক্ষণের জন্য অবশ্যই Electrical Conduit Diagram & Circuit Diagram বুঝে নিন। (৯) জেনারেটরটি কোন কোম্পানি? Auto/Manual। কারণ, স্থানীয় বাজারে কমদামি অখ্যাত অনেক প্রতিষ্ঠানের জেনারেটর পাওয়া যায়। জেনারেটরের Capacity। জেনারেটরটি দ্বারা কতটুকু সুবিধা পাওয়া যাবে? Consumption Rate কত? নিয়ে নিন Electrical Circuit Diagram. (১০) পরবর্তী সময়ে সন্দেহ দূরীভূত করার জন্য জেনে নিন, Emergency Line দ্বারা সাধারণত বিদ্যুত্প্রবাহের সময় বিলের পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো ফ্ল্যাট বিদ্যুত্ একেবারের ব্যবহার না করেও Common Bill দিতে হয়। (১১) পানির পাম্প কয়টি এবং ক্ষমতা কত? Over Head Reservoir & Underground Reservoir-এর Capacity-তে Fire Fighting Water Reservoir ব্যবস্থা আছে কি না। পানির উত্স কী? Water Meter কি Common/ Individual. (১২) সবচেয়ে অবহেলিত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বজ্রনিরোধক ব্যবস্থা ভবনে আছে কি না। থাকলে কার্যকরী আছে কি না, যা উচ্চ ভবনগুলোয় স্থাপন অপরিহার্য। অন্যথায় যে কোনো মুহূর্তে বজ্রপাত হওয়ার আশঙ্কা থাকবে। (১৩) স্যানিটারি লাইন Built in Diagram বুঝে নিন। অন্যথায় ভবিষ্যত্ রক্ষণাবেক্ষণ জটিল হতে পারে। (১৪) স্বাভাবিকভাবে জেনে নিন, টেলিফোন, ইন্টারকম লাইন, ডিশ টিভি (CATV) লাইনের ব্যবস্থা সম্পর্কে। আধুনিক প্রযুক্তি হিসাবে Concealed Broadband line আছে কি না। CCTV, PIR, Video Door phon প্রভৃতি সুবিধা স্থাপনের সুযোগ রয়েছে কি না। কারণ ক্রমাগতভাবে পদ্ধতিগুলোর প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে এবং স্থানীয় বাজারে সহজলভ্য হচ্ছে।
পরিশেষে আপনি জানেন কি, আপনি যে Common Utility বিল পরিশোধ করছেন, তার শর্তসমূহ? এক্ষেত্রে যন্ত্রাংশ Replacement/Repairing-এর জন্য শর্ত রয়েছে কি না। মনে রাখবেন, বৈদ্যুতিক ও যান্ত্রিক যন্ত্রপাতিগুলোয় অধিকাংশই প্রায় ১৫-২৫ বছরের পরিবর্তন করতে হবে। এজন্যই এক্ষুনি যন্ত্রপাতির সম্ভাব্য আয়ুষ্কাল বিবেচনায় নিয়ে যথাসময়ে প্রতিস্থাপন ব্যয় সংগ্রহ করার বর্তমান আর্থিক ব্যবস্থা রাখা প্রয়োজন। অন্যথায় ভবিষ্যত্ জটিলতা এড়ানো আরো জটিল হয়ে পড়বে। বিলম্ব না করে ‘Sinking Fund’-এর ব্যবস্থা গ্রহণ করে শান্তি ও সুখের আবাসস্থল হিসেবে ফ্ল্যাটটি গড়ে তুলুন।
n লেখক :তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গণপূর্ত ই/এম সার্কেল, চট্টগ্রাম