সম্প্রতি শেষ হলো থ্রিলার ধর্মী টেলিছবি ‘টার্গেট’ এর শুটিং। তরুণ নাট্যকার বিদ্যুৎ রায়ের রচনায় টেলিছবিটি নির্মান করেছেন মেহেদী হাসান ঈসা। টেলিছবিটিতে দর্শক পূর্ণ ফিল্মের স্বাদ পাবে বলে আশাবাদী নির্মাতা।
ব্যায়বহুল এই টেলিছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমন, পিয়া বিপাশা, বরদা মিঠু, তানিয়া বৃষ্টি সহ আরো অনেকে। এ বিষয়ে নির্মাতা জানান, নির্মানের সময় খরচের দিকে তাকাইনি। এমন নাটকীয়তায় ভরপুর গল্প সচরাচর পাওয়া যায় না। দর্শক একটা পরিপূর্ণ ফিল্মের স্বাদ পাবে।
টেলিছবির গল্পটা আবর্তিত হয়েছে একজন পুলিশ কর্মকর্তা ও দুই খুনিকে ঘিরে। গল্পে দেখা যায়, গোয়েন্দা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা সজিব চৌধুরীর উপর প্রতিশোধ পরায়ন হয়ে তাকে হত্যা করতে মরিয়া ঢাকার কুখ্যাত মাফিয়া বাদশা। অফিসের ছুটিতে ঢাকার বাইরে একটা রিসোর্টে স্ত্রী রেসিকে নিয়ে ঘুরতে আসে সজিব চৌধুরী। সেখানে তাদের সাথে পরিচয় হয় র্যাম্প মডেল সাইকার। অল্প সময়ের মধ্যেই খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলেও সাইকার মূল উদ্দেশ্য থাকে সজিবকে মেরে ফেলা। সাইকা মূলত বাদশার সঙ্গী এবং তার নির্দেশেই এখানে এসেছে। এদিকে সাইকা তার কাজ ঠিকভাবে করছে কিনা তা জানার জন্য গুপ্তচর হিসেবে পাঠানো হয় সোহেলকে। সোহেল রিসোর্টে এসে নিজ স্বার্থে সাইকাকে হত্যার পরিকল্পনা করে। এমনই টান টান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দিয়ে গল্প এগোতে থাকে।
রচয়িতা বিদ্যুৎ রায় বলেন, ‘শুরু থেকে শেষ, প্রতিটি মুহূর্তেই রয়েছে চমক। দর্শক কোনোভাবেই গল্পের শেষ না দেখে ধারনা করতে পারবে না কি ঘটতে চলেছে। উত্তেজনাকর পরিস্থিতি দর্শককে একটা বলয়ে আটকে ফেলবে, নিয়ে যাবে শেষ পর্যন্ত।’
ইত্তেফাক/এএম