সিটি নির্বাচন উপলক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি
ইত্তেফাক রিপোর্ট
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তপশিল ঘোষণা হওয়ায় অনুমতি ছাড়া দুই সিটি এলাকার কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বদলি না করতে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত আইন উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, ভোটের ফলের গেজেট প্রকাশ হওয়ার পর ১৫ দিন পর্যন্ত কাউকে বদলি করা যাবে না। সোমবার ইসির সিনিয়র সচিব মো. আলমগীরের স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ সচিব বরাবর।
চিঠিতে বলা হয়েছে, গত ২২ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে আপিল গ্রহণ ও আপিল নিষ্পত্তির জন্য বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট বিভাগকে আপিল কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীদের মধ্য থেকে প্রয়োজনীয়সংখ্যক প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হবে। আইনের সংশ্নিষ্ট ধারা স্মরণ করিয়ে দিয়ে চিঠিতে বলা হয়, নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ অনুযায়ী, কোনো ব্যক্তি নির্বাচন কাজের দায়িত্বপ্রাপ্ত হলে তিনি তার ঐ দায়িত্ব পাওয়ার পর নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি না পাওয়া পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব হিসেবে নির্বাচন কমিশনের অধীনে প্রেষণে চাকরিরত আছেন বলে গণ্য হবেন। এর আগে এ ধরনের ক্ষেত্রে নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছিল। দুই সিটি নির্বাচন সামনে রেখে নির্বাচনের দায়িত্বে নিয়োজিতদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়টি নিশ্চিত করতে নির্দেশনা জারির জন্য দৃষ্টি আকর্ষণ করা করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগকে দেওয়া চিঠিতে।
ইসির ঘোষিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২ জানুয়ারি। ৯ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।
উল্লেখ্য, দুই সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, রাজপথের বিরোধী দল বিএনপি ও সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণে শেখ ফজলে নূর তাপস। ঢাকা উত্তরে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল এবং দক্ষিণের প্রার্থী অবিভক্ত ঢাকার শেষ মেয়র প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন। উত্তরে জাতীয় পার্টির প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম, দক্ষিণে হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন।