মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে জাল শরিকানা ফাঁকি দিয়ে জাল দলিল করে নামজারির আবেদন করার চেষ্টার অপরাধে নুরুজ্জামান বিশ্বাস নামের এক ব্যক্তির সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে মেহেরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মায়েন উদ্দিন এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত নুরুজ্জামান বিশ্বাস মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামের মৃত নাজমুল হকের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) মায়েন উদ্দিন জানান, নুরুজ্জামান তাদের শরিকানা জমি সাত ভাইয়ের মধ্যে চার ভাইয়ের সঙ্গে রেজিস্ট্রি করে নেয়। কিন্তু তিন ভাই তার নামে রেজিস্ট্রি দেয়নি। কিন্তু তিনি সাত ভাই রেজিস্ট্রি দিয়েছে উল্লেখ করে জমি জাল দলিল তৈরি করেন। সেই জাল দলিল দিয়ে তিনি নামজারির আবেদন করেন। নামজারির আবেদনে দলিল দেখে সন্দেহ হলে তাকে শুনানিতে ডাকা হয়। পরে তিনি জাল দলিল করার বিষয়টি স্বীকার করেন। সেই অপরাধে নুরুজ্জামান বিশ্বাসকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।