দুর্গাপুরে সাত দিনব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু আজ

দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা

ব্রিটিশবিরোধী সংগ্রামী, টংক আন্দোলনের মহান নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহ স্মরণে শুরু হচ্ছে সাত দিনব্যাপী কমরেড মণি সিংহ মেলা। আজ মঙ্গলবার থেকে ৬ জানুয়ারি-২০ পর্যন্ত নেত্রকোনা জেলার দুর্গাপুরে টংক শহিদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে বসছে বিশেষ এ মেলাটি।

মণি সিংহ ১৯০১ সালে ২৮ জুলাই কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯২৫ সালে তিনি মার্কসবাদ ও লেনিন বাদকে আদর্শরূপে গ্রহণ করেন। ১৯২৮ সালে কেশোরাম কটন মিলে শ্রমিকদের ধর্মঘটে নেতৃত্ব দেওয়ার দুই বছর পর কলকাতায় গ্রেফতার হন। পাঁচ বছর পর জেল থেকে মুক্ত হয়ে নিজ গ্রামে ফিরে আসেন। সেখানে পাটচাষিদের পক্ষে বক্তব্য দেওয়ায় আবারও দেড় বছর কারাভোগ করেন। এছাড়া ১৯৩৭ সালে থেকে তিনি টংক প্রথার বিরুদ্ধে আন্দোলনে জড়িয়ে পড়েন। স্বাধীনতার পর ১৯৭৩ সালে অনুষ্ঠিত পার্টির দ্বিতীয় কংগ্রেসে মণি সিংহ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন। ১৯৮৪ সালের ২৩ ফেব্রুয়ারি কমরেড মণি সিংহ গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।