সুন্দরবনে অস্ত্র-গুলিসহ তিন জলদস্যু গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি

জলদস্যু সিদ্দিক বাহিনী প্রধান সিদ্দিকসহ তিন জনকে গ্রেফতার করেছে সাতক্ষীরা র্যাব-৬। সুন্দরবনের কয়রা থানাধীন মহেশ্বরীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় সেখান থেকে অস্ত্র ও গুলিসহ নগদ টাকা জব্দ করা হয়। সোমবার সাতক্ষীরা র্যাব ক্যাম্প কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত জলদস্যুরা হলেন : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের জুম্মান আলী গাজীর ছেলে সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিকুর রহমান (৩৪), তার অন্যতম সহযোগী কালিঞ্চি গ্রামের আকবর আলী তলবদারের ছেলে আব্দুল্লাহ তলবদার (৩৩) ও হরিনগর গ্রামের আহম্মদ আলীর ছেলে মহিদুল ইসলাম (৪৫)। খুলনা র্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ প্রেস ব্রিফিংয়ে জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে তিনটি দেশীয় তৈরি পাইপগান, ১৫ রাউন্ড গুলি, দুটি রামদা, তিনটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও নগদ ১৫ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়। তাদের নামে জেলার বিভিন্ন থানায় অস্ত্র ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।