ইউপি সদস্যসহ সড়ক দুর্ঘটনায় নিহত ১০

ইউপি সদস্যসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। গত রবিবার ও গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

সাঁথিয়া (পাবনা) : সাঁথিয়ায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে  ভুলবাড়িয়া ইউপি সদস্য ও গয়েশবাড়ী গ্রামের সিদ্দিক আলী (৫০) নিহত হয়েছেন। রবিবার মাধপুর-বেড়া সড়কের কোনাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

উলিপুর (কুড়িগ্রাম) : উলিপুরে অটোরিকশার ধাক্কায় থ্রি-হুইলার যাত্রী রুবি বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল উলিপুর-কুড়িগ্রাম সড়কের শিববাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার তবকপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সহিদুল ইসলামের স্ত্রী।

 চৌগাছা (যশোর) : চৌগাছা-যশোর সড়কের মোকামতলা মোড়ে রবিবার মোটরসাইকেলের ধাক্কায় আবু তাহের (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বাদে খড়িঞ্চা গ্রামের।

 নেত্রকোনা : আটপাড়া ও কলমাকান্দায় গতকাল দুই কিশোর নিহত হয়েছে। আটপাড়ায় বাসের ধাক্কায় অভয়পাশা গ্রামের আবুল কালামের ছেলে মোটরসাইকেল আরোহী সালাম (১১) ও কলমাকান্দা উপজেলার সিধলী বানিয়াপাড়ায় ইট বোঝাই লরির ধাক্কায় বড়খাপন ইউনিয়নের উদয়পুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে সাকিব (১৬) নিহত হয়।

বদলগাছী (নওগাঁ): বদলগাছীতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বালুভরা ইউনিয়ন পরিষদের সহকারী সচিব আব্দুর রহমান (২৮) নিহত হয়েছেন। গতকাল নওগাঁ-বদলগাছী সড়কের উপজেলার চাংলা মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। আব্দুর রহমান নওগাঁ শহরের চকবাড়িয়া মহল্লার হামিদুর রহমানের ছেলে।

পাটগ্রাম (লালমনিরহাট): বুড়িমারীতে স্থলবন্দর মহাসড়কের গুড়িয়াটারী ঈদগাঁ মাঠ এলাকায় রবিবার পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সিএনজি ধাক্কা লেগে দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন : শেরপুর জেলার নালিতাবাড়ীর হাশেম আলী ও পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ গ্রামের আয়নাল হক (৩০)।

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) : নবাবগঞ্জে ব্যাটারিচালিত অটোবাইকের চাকায়                                                               ওড়না পেঁচিয়ে বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলা যন্ত্রাইল পূর্বপাড়া মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। বেগম দোহারের মাহমুদপুর ইউনিয়নের চরকুসাই এলাকার বাসিন্দা।

মোরেলগঞ্জ (বাগেরহাট): সাইনবোর্ড-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বিআরটিসির বাস নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার মেহেদি (৩০) নিহত হয়েছেন। মেহেদী উপজেলার পল্লীমঙ্গল এলাকার বড়পরী গ্রামের।