সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তিনটি এবং তার স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গতকাল সোমবার সকালে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আলী আকবর বাদী হয়ে বরিশাল দুদক কার্যালয়ে এই মামলা দায়ের করেন। একটি মামলায় এ কে এম এ আউয়াল ও তার স্ত্রীকে আসামি করা হয়েছে। এই মামলায় জালিয়াতির মাধ্যমে সরকারি খাস জমি ভুয়া ব্যক্তিদের নামে বন্দোবস্ত       দেখিয়ে সেই জমিতে পাকা ভবন নির্মাণের অভিযোগ করা হয়েছে।  অপর দুটি মামলার একমাত্র আসামি এ কে এম এ আউয়াল। এই দুটি মামলার একটিতে ক্ষমতার অপব্যাহার ও প্রতারণার মাধ্যমে অর্পিত সম্পত্তিতে থাকা পুকুর ভরাট ও দেয়াল নির্মাণ করে দখলের অভিযোগ করা হয়েছে। অপর মামলায় অর্পিত সম্পত্তি অবৈধভাবে দখল করে আউয়াল ফাউন্ডেশন নির্মানের অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বরিশাল দুদকের উপপরিচালক জুলফিকার আলী।